বঙ্গোপসাগরে ঘূনাবর্ত: দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’
- আপডেট সময় : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ৩৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এই ‘ঘূর্ণিঝড়-প্রবণ’ মাসে বঙ্গোপসাগরে দ্রুত একটি ঘূনাবর্ত সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি আজ সোমবার গভীর নিম্নচাপ অত:পর ঘূর্ণিঝড় ‘হামুন’-এ রূপ পরিগ্রহ করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র উত্তাল রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শক্তিশালী শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে।
২৫ অক্টোবর বুধবার সন্ধ্যা থেকে ২৬ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলে সরাসরি আঘাত হানার জোরালো সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের সামনের মেঘ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। এরই মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টি শুরু হয়েছে। গতকালও রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে।
গতকাল সন্ধ্যায় আবহাওয়া বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার, মংলা সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দূরে ছিল। এ সময় সব বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে চলাচলকারী সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে উপকূলের কাছাকাছি আসতে বলা হয়েছে।
এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়ার পূর্বাভাসের মডেল বিশ্লেষণ করে বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ খুব দ্রুত সময়ের মধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল রবিবার রাত নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি ঘূর্ণিঝড় হামুন আঘাত হানে, তাহলে বাতাসের গড় গতিবেগ হবে ঘণ্টায় ৭০-৮০ কিমি, সর্বোচ্চ গতি হতে পারে ১০০-১১০ কিমি। স্বাভাবিকের চেয়ে ৪-৭ ফুট বেশি জোয়ারের সম্ভাবনাও রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আজ ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগে ২৫০-৪০০ মিলিমিটার, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১৫০-২৫০ মিলিমিটার, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১০০-১৫০ মিলিমিটার এবং রাজশাহী ও রংপুর বিভাগে ৫০-১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে- বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায়।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, সোমবারের মধ্যে এটি গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ২৬ অক্টোবরের মধ্যে এটি বাংলাদেশের খুলনা বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। সব ইঙ্গিতই এটি একটি স্বাভাবিক ঘূর্ণিঝড় হতে পারে। এটি একটি স্বাভাবিক ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করতে পারে। সতর্কতা সংকেত ৫, ৬ এবং ৭ এর সম্ভাবনা বেশি।























