পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০১:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সৌদি আরবে হজ পালন শেষে সোমবার (৩ জুলাই) সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও পরিবারের অন্যান্য সদস্য ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোববার দিবাগত রাত ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করতে ১০ দিনের সফরে সৌদি আরব গিয়েছিলেন রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা।
পবিত্র হজের শেষ দিনে গত শুক্রবার রাতে মদিনায় পৌঁছান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ৩ জুলাই ঢাকায় অবতরণ করেন।
এর আগে, রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিনীকে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রোটোকলের প্রধান ইব্রাহিম আল বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিদায় জানান।























