নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণে ২৩ জানুয়ারি পর্যন্ত দেশ সফরে ইইউর বিশেষজ্ঞ দল
- আপডেট সময় : ০১:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বিশেষজ্ঞ দলটি সারাদেশে নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ করতে ২৩ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত দেশ সফর করবেন।
রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করে ইসি। নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইইউর সকল প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন, ডেভিড নোয়েল ওয়ার্ড (নির্বাচন বিশেষজ্ঞ), আলেকজান্ডার ম্যাটাস (নির্বাচন বিশ্লেষক), সুইবেস শার্লট (নির্বাচন বিশ্লেষক) এবং রেবেকা কক্স (আইনি বিশেষজ্ঞ)।
বৈঠক শেষে অশোক কুমার বলেন, আপনারা জানেন ইইউ চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। তারা ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই ধারাবাহিকতায় আমরা বৈঠক করেছি। তারা আগামী জানুয়ারির ২৩ তারিখ পর্যন্ত দেশে থাকবে এই সময়ে তারা নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় জানার ছিল আমরা তাদের বিষয়গুলো জানিয়েছি। তারা নির্বাচনী আইনগুলো জানতে চেয়েছে। ভোটার সংখ্যা জানতে চেয়েছে। তারা দেশব্যাপী তারা ঘুরবে। প্রয়োজনে সামনে আরও বৈঠক হবে।
সারাদেশে নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ করবেন জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, সহিংসতাসহ বিভিন্ন বিষয়ে তারা জানতে চেয়েছেন। নির্বাচনী সহিংসতা, প্রাক-নির্বাচন সহিংসতা সম্পর্কে জানতে তারা দেশজুড়ে ভ্রমণ করবেন। ইসি তাদের বিষয়ে সহযোগিতা করবে। তাদের সিকিউরিটি ইস্যু আছে এগুলো নিশ্চিত করা হবে।
দেশের হরতাল-অবরোধের বিষয়ে জানতে চেয়েছে কি? এ প্রসঙ্গে তিনি বলেন, হরতাল ও অবরোধের বিষয়ে তারা বলেনি। তারা সবাই নির্বাচনী এক্সপার্ট। ভোট উৎসব হবে কি না এই বিষয়েও তারা জানতে চায়নি। কয়টি দল ভোটে এসেছে ও ভোটের প্রার্থী কতজন হয়েছে তা জানতে চেয়েছে। তারা সব বিষয় পর্যবেক্ষণ করবে। নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী বিষয়গুলো অবজার্ভ করবে। আইনগুলো সব বাংলায় এগুলো ইংরেজিতে করে দিতে অনুরোধ করেছে, এই গুলো করা হবে। তাদের সদস্য সংখ্যা সামনে বাড়তে পারে।

























