নিজস্ব সংস্কৃতি ধরে রাখার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখলে ও বিকশিত করার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংস্কৃতি চর্চায় তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করতে হবে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণভবন থেকে কার্যত কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। মূল অনুষ্ঠানটি জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, সাংস্কৃতিক চর্চায় প্রযুক্তি ব্যবহার করতে হবে। সাংস্কৃতিক চর্চায় তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে; জাতীয় পর্যায়ে ব্যবহার করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো দেশ বা যেকোনো জাতির সবচেয়ে বেশি ক্ষতি করতে গেলে সংস্কৃতির ওপরেই আঘাত করা হয়। আমাদের সেই জায়গায় আঘাত করেছিল পাকিস্তানি শাসকরা। ১৯৪৮ সালে সেই আঘাত আসে। তারা বলেছিল- বাংলা ভাষায় কথা বলা যাবে না, উর্দু ভাষায় কথা বলতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তারা নানাভাবে আমাদের মাতৃভাষার অধিকার হরণ করার চেষ্টা করেছে। তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছিল। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখলে ও বিকশিত করলে এর মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, আজকের বিশ্ব প্রযুক্তির বিশ্ব। আমাদের সাংস্কৃতিক চর্চায় প্রযুক্তিকে সম্পৃক্ত করে আধুনিক জ্ঞানসম্পন্ন জাতি হিসেবে প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তুলতে চাই। সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে।























