দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৪১ আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি:টিআইবি
- আপডেট সময় : ০১:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ১৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দাবি করেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৪১টিতে প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। টিআইবি বলছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও বেশিরভাগ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক প্রতিবেদন প্রকাশে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের দিন সারাদেশে অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট ছিল না। প্রতিপক্ষের এজেন্টদের হুমকি দিয়ে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন, যেমন- ভোটার কম হওয়া এবং ভোটের দিন ডামি লাইন তৈরি, বিভিন্ন আসনে অন্য দলের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, ভোটের আগে ব্যালটে সিল মারা, ভোট চলাকালে প্রকাশ্যে সিল মারাসহ আরো অনেক অনিয়মের অভিযোগ।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রোববার সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ২২৫ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছে। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬১টি আসন, এছাড়া অন্যান্য দল থেকে পেয়েছে ১টি আসন।

























