দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
- আপডেট সময় : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ১৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম স্তরের শপথ কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে নিয়ম অনুযায়ী স্পিকার নিজেই শপথ গ্রহণ করেন।
বুধবার সকাল ১০টা ১০ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সকাল নয়টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যরা একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন। সকাল ১০টা ৮ মিনিটে শপথ কক্ষে প্রবেশ করেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় পার্টি থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান স্পিকার। এরপর সকাল ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন এবং দুপুর ১২টায় জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
এর আগে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।























