তেজগাঁওয়ের বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত ২, পুড়েছে তিনশ ঘর
- আপডেট সময় : ০৩:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে প্রায় তিন শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, শর্ট সার্কিট বা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, তেজগাঁওয়ে বিএফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ৩টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেন, বস্তিতে সাধারণত গ্যাস লিকেজ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমাদের প্রাথমিক ধারণা এই বস্তিতেও একই কারণে আগুন লেগেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে জানা যাবে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। লাশ শনাক্তের কাজ চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসময় প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তিতে হঠাৎ আগুন লাগে। ওই সময় ভেতরে বেশির ভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন। নিহতরা ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি বলে ধারণা তাদের।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন শনিবার (১৩ জানুয়ারি) সকালে বলেন, প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

























