তেজগাঁওয়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত আইনজীবীর মৃত্যু
- আপডেট সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত মোটরসাইকেল চালক ভুবন চন্দ্র শীল (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
ভুবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক পলাশ চন্দ্র শীল। তিনি বলেন, ‘আজ সকালে আমার জামাই বাবু মারা গেছেন। লাশ ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় একটি প্রাইভেটকারে থাকা শীর্ষ সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি চালায় একদল সন্ত্রাসী। গুলি মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায় লাগে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্ত্রী ও এক মেয়ে নিয়ে ভুবন চন্দ্র শীলের সংসার। ভুবন গোমতী টেক্সটাইল লিমিটেড নামে একটি কোম্পানির আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন। রাজধানীর গুলশানে তার কার্যালয়। ঘটনার দিন রাতে কাজ শেষে মতিঝিলের আরামবাগে নিজ বাসায় ফেরার পথে তেজগাঁও এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।
আরামবাগের বাড়িতে একাই থাকতেন ভুবন শীল। তার স্ত্রী রত্না তাদের একমাত্র মেয়েকে নিয়ে নোয়াখালীর মাইজদীতে থাকেন। রত্না মাইজদীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের মেয়ে প্রেমা চন্দ্র শীল সম্প্রতি এসএসসি পাস করেছে।






















