ঢাকা-১৭ আসনে উপনিবাচনে যান চলাচলে ইসি’র নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৯:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢাকা-১৭ উপনির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংগঠনটি ইতোমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে।
সোমবার (৩ জুলাই) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানান।
চিঠিতে বলা হয়, নির্বাচনী তফসিল অনুযায়ী ঢাকা-১৭ আসনে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য ১৬ জুলাই মধ্যরাত ১২টা থেকে ১৭ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার ও ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ১৫ জুলাই মধ্যরাত ১২ থেকে ১৮ জুলাই মধ্যরাত ১২ পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ও অন্যান্য বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও যে কোনো যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ জুন। প্রতীক বরাদ্দ হয় ২৬ জুন। আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।























