ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৩৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে ডেঙ্গু সংক্রমণে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৭৭। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ১২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।























