ডেঙ্গুতে আজও ১৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বাড়ছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৭৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।
শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এদের মধ্যে ৫০৪ জন ঢাকার বাসিন্দা এবং ১,২৯৬ জন ঢাকার বাইরে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে আটজন ঢাকার বাসিন্দা এবং সাতজন ঢাকার বাইরে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার ৮২২ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭ হাজার ৫৮২ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৩ হাজার ২৪০ জন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৫৭২ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩ হাজার ৯৮৭ জন এবং ঢাকার বাইরে ১২৬ হাজার ৫৮৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে নয় হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৯১২ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ২৫৯ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।






















