ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৯৫ জন।
বুধবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৪৯৫ জনের মধ্যে ৫৭৪ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ১৯২১ জন। গত ২৪ ঘণ্টায় নিহত ১৬ জনের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা এবং ১৩ জন ঢাকার বাইরে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৪৭ হাজার ১৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ৯৭৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫১৪ জন।
এছাড়া হাসপাতাল থেকে এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৬৮৮ জন। এর মধ্যে ঢাকায় থাকেন ৯০ হাজার ৪৬৯ জন এবং ঢাকার বাইরে ১৪৭ হাজার ২১৯ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।























