টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- আপডেট সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৪ বার পঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তুহিন ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অহিদুল ইসলাম নামে আরো এক আরোহী। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে টঙ্গীর মুন্নু গেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক আছেন বাস চালক ও হেলপার।
নিহত তুহিন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আন্দাল বাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন নিহত তুহিন ইসলাম। পতি মধ্যে টঙ্গীর মুন্নু গেট এলাকায় ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





















