গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৬:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৮১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের ভূরুলিয়া এলাকার মার্কাজ রোড থেকে ১৬ বোতল বিদেশি মদসহ কাশেম আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মো. ইদ্রিস আলীর বাড়ির পূর্ব পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার টাকা।
ডিএনসি গাজীপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল ভূরুলিয়া এলাকায় অভিযান চালায়। দুপুর ১টার দিকে মার্কাজ রোডে ডান হাতে একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা কাশেম আলীকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার কাচের বোতলে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বোতলগুলোর মোট পরিমাণ ৬ হাজার মিলিলিটার বা ৬ লিটার।
গ্রেপ্তার কাশেম আলী গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের ভূরুলিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সতু শেখ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, মাদকের বিস্তার রোধে অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জাহিদ হাসান ভূঁইয়া
গাজীপুর। ২৮ অক্টোবর ২০২৬
০১৯১০-৭১৪৪৫৬
















