‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট-২০২৩’ সম্মেলনে যোগ দিতে জেনেভার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
১৪ জুন বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনে যোগ দিতে তিন দিনের সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের যোগদানের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন।
সুইজারল্যান্ড সফরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার(১৩ জুন) সকাল ১০টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন।
ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থলে যাবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, ৩ বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক ও ডিপ্লোমেটিক কোরের প্রধানরা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
জানা যায়, সফরের দ্বিতীয় দিন বুধবার (১৪ জুন) প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট ২০২৩’র প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সফরকালীন আবাসস্থলে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী সফরের তৃতীয় দিন (১৫ জুন) বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং বিকেলে সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
সফর শেষে শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
























