আওয়ামী লীগের সমাবেশে ইসির অনুমতি লাগবে:ইসির অতিরিক্ত সচিব
- আপডেট সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, এ ধরনের রাজনৈতিক সমাবেশ করতে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে।
রোববার (৩ ডিসেম্বর) ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এখনো এ বিষয়ে আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে চিন্তা করব। আমাদের আচরণবিধিতে যা আছে তাতে করে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে আমাদের লোকাল রিটার্নিং অফিস থেকে অনুমতি নিতে হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে গত ২৯ নভেম্বর ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিমের সঙ্গে কমিশন বৈঠক করে। রোববার (৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় দুপুর সোয়া ১২টা পর্যন্ত।
বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি দলের সদস্য ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।
উল্লেখ্য, শনিবার ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ‘(গত বছরের) ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ দিনে বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করা হবে।’

























