গুলশানের পরিত্যক্ত মার্কেট অপসারণে ডিএনসিসির কমিটি গঠন
- আপডেট সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গুলশান ২ নম্বরে পরিত্যক্ত ঘোষণা করা গুলশান কাঁচাবাজার (উত্তর) দ্রুত ভেঙে ফেলার ব্যবস্থা নিতে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (২০ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন এ তথ্য জানিয়েছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মামুন উল হাসান এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন।
সচিব মোহাম্মদ মামুন উল হাসান এক অফিস আদেশে জানান, ডিএনসিসির স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমানকে পরিত্যক্ত ঘোষণা করা গুলশান কাঁচাবাজার (উত্তর) অপসারণ বা ভাঙার ব্যবস্থা নিতে ১১ সদস্যের কমিটিতে তলব করা হয়েছে।পাশাপাশি কমিটির সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে।
সচিব অফিস আদেশে বলেন, গঠিত কমিটি জরুরি ভিত্তিতে পরিত্যক্ত ঘোষণা করা গুলশান কাঁচাবাজার (উত্তর) ভবন অপসারণ বা ভাঙার কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করবেন। এছাড়া বিষয়টি অত্যন্ত জরুরি হওয়ায় এ কমিটিকে যত দ্রুত সম্ভব সব কার্যক্রম শেষ করতে হবে। জনস্বার্থে জরাজীর্ণ ভবন অপসারণের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এই কমিটিকে জনস্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব ভবনটি অপসারণ বা খালি করার ব্যবস্থা করার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।






















