নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নতুন যাত্রীবাহী ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলবে বলে জানা গেছে।
রোববার (৪ জুন) দুপুরে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেনের উদ্বোধন করেন তিনি।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ৮০০ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন নতুন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটি চলাচল করবে।
হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু হওয়ায় চিলাহাটি রেলওয়ে স্টেশনটি নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ জংশনে পরিণত হয়েছে। পণ্য বোঝাই ওয়াগন সহ আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস এই রুটে চলাচল করছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বক্তব্য দেন।













