রাজউকের ৩০ হাজার নথি গায়েব হওয়ায় অনুসন্ধানে দুদক
- আপডেট সময় : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হওয়ার ঘটনায় তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত, সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান, পরিচালক (সিস্টেম অ্যানালিস্ট) মোঃ রাজীব হাসানকে বহাল রাখা হয়েছে।
কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ রাজীব হাসান। কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কমিটি গঠন সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে। শনিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ জানুয়ারি রাজউকের সার্ভার থেকে গ্রাহকের প্রায় ৩০ হাজার নথি গায়েব হওয়ার বিষয়ে কোম্পানির ব্যাখ্যা তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে ঘটনার তদন্তের জন্য দুদককে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজউকের সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের রেকর্ড গায়েব হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন বিভাগ-১) মোঃ অলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজউককে কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।













