ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম
- আপডেট সময় : ০৬:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে কাজী মোঃ ইয়াহিইয়া মাসউদ এবং সাধারণ সম্পাদক পদে কাজী মোঃ নুরুল আলম নির্বাচিত হয়েছেন।
শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা কাজী সমিতির নির্বাচন প্রতি তিন বছর পরপর অনুষ্ঠিত হয়। দীর্ঘ কয়েক বছর পর এবারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কাজী মোঃ ইয়াহিইয়া মাসউদ ও কাজী মোঃ মহিউদ্দিন মোল্লা। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কাজী মোঃ সিরাজুল ইসলাম খান ও কাজী মোঃ নুরুল আলম।
সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ১০৮ জন। সভাপতি পদে ১০৩ জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে কাজী মোঃ ইয়াহইয়া মাসউদ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী মোঃ মহিউদ্দিন মোল্লা পেয়েছেন ৪৪ ভোট।
সভাপতি পদে ২ টি ভোট বাতিল হয়।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে কাজী মোঃ নুরুল আলম ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী মোঃ সিরাজুল ইসলাম খান পান ৪৬ ভোট। এ পদে ১ টি ভোট বাতিল হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ কে সৈয়দ হাসমত উল্লাহ্।
নির্বাচন কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মিজানুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঞা, আবুল ফজল মোঃ নূরুল আমীন, মোঃ মোজাম্মেল হক খন্দকার, মোঃ শওকত আলী মোঃ আবুল হাসান ও কাজী রায়হান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম উদ্দিন।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি কাজী মোঃ ইয়াহইয়া মাসউদ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ নুরুল আলম আগামী তিন বছরের জন্য জেলা কাজী সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে কাজীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আগামী তিন বছরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাশাপাশি বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তারা।
















