মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি
- আপডেট সময় : ০৩:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৫ বার পঠিত

কিলিয়ান এমবাপের বিতর্কিত মন্তব্য ঘিরে চীনে তৈরি হওয়া পরিস্থিতির সমাধান খুঁজতে দেশটির স্পেনের রাষ্ট্রদূত ইয়াও জিংয়ের সঙ্গে বৈঠক করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুংয়ের সঙ্গে এমবাপেকে তুলনা করা একটি ‘মিম’ নিয়ে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়।ইএফই জানিয়েছে, এ ঘটনার পর চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি সন্ধ্যায় লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে। এমবাপ্পে খেলেন, এমন ম্যাচগুলোর সম্প্রচারও বন্ধ রাখা হয়েছে।বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেবাস জানান, এমবাপের মন্তব্যের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং তা কাটিয়ে ওঠার উপায় খুঁজতে তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন।তেবাস লেখেন, ‘আজ আমি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছি। কিলিয়ান এমবাপের মন্তব্য থেকে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং এই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সমাধান খুঁজেছি।’চীনের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে চায় লা লিগাচীনে স্প্যানিশ ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে দেশটির কর্তৃপক্ষ, ফুটবল সংগঠন, সম্প্রচারমাধ্যম ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে লা লিগা। একই সঙ্গে নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পদ কাজে লাগিয়ে চীনের ফুটবলের উন্নয়নেও সহযোগিতা করছে বলে জানিয়েছেন তেবাস।লা লিগার সঙ্গে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীদারত্ব চুক্তি রয়েছে। এর মধ্যে চাইনিজ প্রফেশনাল ফুটবল লিগের (সিএফএল) সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত একটি কৌশলগত চুক্তিও রয়েছে। এ ছাড়া চীনের ফুটবলের বিকাশ এবং দেশটির লাখো দর্শকের কাছে লা লিগার প্রতিযোগিতাগুলো পৌঁছে দিতে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গেও চুক্তি রয়েছে স্প্যানিশ লিগটির।এমবাপের মন্তব্যকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তেবাস। তাঁর আশা, এ ঘটনা চীনের সঙ্গে লা লিগার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না।তিনি লেখেন, ‘এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। আমাদের এই সম্পর্ক সংরক্ষণ করতে হবে এবং আরও শক্তিশালী করতে হবে। একটি বিচ্ছিন্ন ঘটনা যেন এখন পর্যন্ত অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত না করে কিংবা আমাদের প্রতিযোগিতাগুলো অনুসরণ করা লাখো চীনা সমর্থকের ওপর প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন লা লিগার কৌশলগত অংশীদার এবং ভবিষ্যতেও থাকবে।’চীনের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপে, পাশে রিয়াল মাদ্রিদমাও সে তুংকে নিয়ে মন্তব্যের জন্য মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। নিজের মন্তব্যকে ‘বিবেচনাহীন’ বলে স্বীকার করেছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের এই তারকা।এমবাপের ইমেজ স্বত্বের একটি অংশের মালিক রিয়াল মাদ্রিদও খেলোয়াড়টির পাশে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছে। বুধবার দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, এমবাপের সাম্প্রতিক বক্তব্যে চীনের জনগণের মনে কোনো অস্বস্তি তৈরি হয়ে থাকলে তার জন্য তারা দুঃখ প্রকাশ করছে।বিবৃতিতে রিয়াল মাদ্রিদ লেখে, ‘আমাদের ক্লাব চীন, দেশটির ইতিহাস, সংস্কৃতি ও নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখা লাখো চীনা সমর্থকের প্রতিও আমাদের গভীর সম্মান রয়েছে।’এদিকে এমবাপের মন্তব্যের পর অন্তত তিনটি প্রতিষ্ঠান তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে বিতর্কটি শুধু ফুটবলের মাঠেই সীমাবদ্ধ থাকেনি, বাণিজ্যিক অংশীদারত্বের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে।চীনে লা লিগার সম্প্রচার বন্ধ হওয়ার পরিস্থিতিতে তেবাসের এই বৈঠক দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক রাখার প্রচেষ্টার অংশ।




















