ভেনিস থেকে বাঁধনের বার্তা—‘ছবির মতো সুন্দর নয় জীবন’
- আপডেট সময় : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের হাস্যোজ্জ্বল ছবি দেখে অনেকেরই মনে হতে পারে, তাঁদের জীবন বুঝি সবসময় আনন্দ আর সৌন্দর্যে ভরা। তবে ছবির ফ্রেমের বাইরেও যে থাকে নানা অনুভূতি, কষ্ট ও না-বলা গল্প—ইতালির ভেনিস থেকে এমন কথাই মনে করিয়ে দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন তিনি। নিজের কয়েকটি ছবি শেয়ার করে বাঁধন লিখেছেন, ‘ছবিতে জীবনকে যতটা সুন্দর দেখায়, জীবন সবসময় ততটা সুন্দর নয়।’
বাঁধনের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ যা প্রকাশ করেন, তা পুরো গল্প নয়; গল্পের কেবল একটি মুহূর্ত। ভেনিসের দিনটি তাঁর জন্য অনেক দিক থেকে সুন্দর হলেও এর সঙ্গে কিছু ব্যক্তিগত কষ্টও ছিল, যা তিনি নিজের মধ্যেই রাখতে চান। জীবনের এই দ্বৈত অনুভূতি বোঝাতে তিনি লিখেছেন, কখনো সুন্দর পোশাক, মুখে সেরা হাসি আর হাতে হাই হিল নিয়েও স্যান্ডেল বা খালি পায়ে হাঁটতে হয়—এটিও জীবনেরই অংশ। সেদিন ডিজাইনার মাহীন খানের শাড়ি ও গয়নায় নিজেকে গর্বিত, কৃতজ্ঞ ও আনন্দিত মনে হলেও ছবিতে ধরা না-পড়া কিছু অনুভূতিও তাঁর সঙ্গে ছিল। আনন্দ ও কষ্ট—দুটোকেই মর্যাদার সঙ্গে গ্রহণ করতে শিখছেন বলেও জানান তিনি। সবশেষে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আল্লাহ আমাকে আমার ভাবনার চেয়েও বেশি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবসময়।’
এদিকে বাঁধন অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জন্যও একটি ঐতিহাসিক অর্জন। রুবাইয়াত হোসেনের পরিচালিত সিনেমাটি উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এবং এই বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে।
























