পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা
- আপডেট সময় : ০৭:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৪ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। ধর্মীয় সম্প্রীতি, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক অনাচার নিয়ে তাঁর দেওয়া বক্তব্যের বিভিন্ন অংশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি তালিকাভিত্তিক পোস্ট শেয়ার করেন রুমিন ফারহানা। এতে বিভিন্ন সামাজিক অপরাধ, অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে ধর্মীয় পরিচয়ের সঙ্গে এসব অপরাধের সম্পর্ক নিয়ে ব্যঙ্গাত্মক ভাষায় মন্তব্য করা হয়।
পোস্টে তিনি উল্লেখ করেন, বলাৎকার, ঘুষ, শিশু নির্যাতন, হত্যা, নারীর প্রতি সহিংসতা, মিথ্যাচার, প্রতারণা, অন্যের সম্পদ আত্মসাত, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল, ব্যভিচার এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো নানা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ক্ষুণ্ন হলেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ক্ষেত্রে অনেকে আপত্তি তোলেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ ছাড়া পোস্টের বিশেষ দ্রষ্টব্য অংশে দুর্গাপ্রতিমার দশভুজা রূপ উল্লেখ করে তিনি লেখেন, “মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।” এই মন্তব্যটিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি সরাইলের একটি পূজামণ্ডপ পরিদর্শনের সময় তাঁর ভক্তি প্রদর্শনের বিষয়টি সামনে আসার পর পোস্টটি ঘিরে বিতর্ক আরও আলোচিত হয়।


















