ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩৭ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও বড়ইয়া ইউনিয়ন শাখার যুবদল নেতা আব্দুল হালিম হাওলাদারের সঙ্গে স্থানীয় যুব ও তরুণ সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আসর ৪নং ওয়ার্ডে এ নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় যুব ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আব্দুল হালিম হাওলাদার তরুণ সমাজের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, যুবসমাজ একটি এলাকার গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করতে চাই। এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে সবার সহযোগিতায় সেগুলোর সমাধানে ভূমিকা রাখতে চাই।
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডের মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব। বিশেষ করে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
তিনি তাঁর বক্তব্যে মাদক ও জুয়ার ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি একটি সুন্দর, সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত তরুণরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।















