সংবাদ শিরোনাম :
মাছের উৎপাদন বাড়াতে হবে, ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য পক্ষের আলোচনা সভায় এমপি শ্যামল
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৬৫ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে “রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও শহরের কাউতলী এন্ডারসন খালে মাছের পোনা অবমুক্ত করা হয়।
রোববার সকালে প্রধান অতিথি হিসেবে শহরের কাউতলী এন্ডারসন খালে মাছের পোনা অবমুক্ত করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।
জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক জলাশয়কে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আনা যায় কি না, সে বিষয়ে চিন্তা করা প্রয়োজন। এতে একদিকে দেশের মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, মাছ মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমিষের অন্যতম প্রধান উৎস হিসেবে মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় মাছের অবদান রয়েছে। তাই মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদনের দিকেও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, মাছ চাষ বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের অনেক জনশক্তি প্রবাসজীবন শেষে দেশে ফিরে আসেন। তাদের অনেকেই পরবর্তীতে বেকার জীবনযাপন করেন। প্রশিক্ষণের মাধ্যমে এসব মানুষকে মৎস্য চাষে সম্পৃক্ত করা গেলে তারা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে চারজন সফল মৎস্য হ্যাচারির মালিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও চাষিরা উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬-১৮ আগস্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।





















