সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে মাদারীপুরে নেতাকর্মীদের ঢল
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৪ বার পঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে মাদারীপুরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাতে ফুল, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা অপেক্ষা করেন প্রিয় নেতাকে একনজর দেখার এবং শুভেচ্ছা জানানোর জন্য। আকাশজুড়ে কালো মেঘ আর থেমে থেমে বৃষ্টি—কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো অঝোর ধারায়।
কিন্তু বৈরী আবহাওয়া নেতাকর্মীদের উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের পাশে অবস্থান করে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপেক্ষায় থাকেন।
সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা দিয়ে জেলায় প্রবেশ করলে মুহূর্তেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া ও সূর্যনগর এলাকা অতিক্রমের সময় লাল-সবুজের পতাকাবাহী গাড়িবহরে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। তার সেই অভিবাদনে উচ্ছ্বাসে ফেটে পড়েন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ।
ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান, করতালি ও ফুলেল অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন।
নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
শুধু শিবচরেই নয়, জেলার বিভিন্ন স্থানেও ছিল একই চিত্র। রাজৈর উপজেলার টেকেরহাট, সদর উপজেলার মোস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভুরঘাটাসহ বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পুরো জেলায় ছিল উৎসবের আমেজ।




















