সংবাদ শিরোনাম :
ঢাকা-সিলেট মহাসড়ক অচল,২২ কিলোমিটার এলাকায় যানজট, চরম দুর্ভোগে মানুষ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৪৭ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বড় বড় গর্ত, সড়ক দুর্ঘটনা এবং বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ যানজট বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভারী বৃষ্টির মধ্যে সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি পণ্যবাহী লরি ও একটি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলেও এরই মধ্যে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গর্ত আরও বিপজ্জনক হয়ে ওঠে। বুধবার সকাল ৬ টার দিকে শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় আরও দুটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়লে পরিস্থিতির আরও অবনতি ঘটে। সকাল সাড়ে ৮ টার মধ্যে শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া, শাহবাজপুর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, সরাইল বিশ্বরোড গোলচত্বরের চারটি দিকের মধ্যে ঢাকা থেকে সিলেটমুখী মাত্র একটি লেন দিয়ে যান চলাচল করছে। সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী দুটি লেন বন্ধ রেখে উন্নয়নকাজ চালানো হচ্ছে। ফলে যানবাহনের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে কুমিল্লামুখী লেনে বৃষ্টির পানিতে গর্ত ডুবে থাকায় কিছুক্ষণ পরপর ভারী যানবাহন আটকে পড়ছে। এর প্রভাবে যানজট ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়া সদরগামী সুহিলপুর এলাকাতেও। সিলেট থেকে নেত্রকোনাগামী ট্রাকচালক নয়ন খান বলেন, বুধন্তী থেকে কুট্টাপাড়া পর্যন্ত আসতে আমার আড়াই ঘণ্টা লেগেছে। অথচ স্বাভাবিক সময়ে এ পথ ১৫ থেকে ২০ মিনিটেই অতিক্রম করা যায়। সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে সড়কের বড় গর্তে পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া বৈশামুড়া এলাকায় দুর্ঘটনা কবলিত প্রায় ৫০ টন ওজনের লরিটি সরাতে সময় লাগায় পরিস্থিতির আরও অবনতি হয়। তিনি জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরাইল বিশ্বরোড এলাকায় সড়কের বেহাল অবস্থা এবং ধীরগতির উন্নয়নকাজের কারণে সামান্য বৃষ্টি হলেই ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত যানজটে চরম ভোগান্তি লেগেই আছে। দ্রুত টেকসইভাবে সংস্কারকাজ শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।



















