শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষু আটক
- আপডেট সময় : ০৪:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২৮ এপ্রিল ২০২৬ ।।
শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধার হওয়ার ঘটনায় ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২৭ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, আটক ভিক্ষুরা মূলত শিক্ষার্থী এবং তারা থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের লাগেজে প্রায় ৫ কেজি করে উচ্চমাত্রার মাদক ‘কুশ’ গোপনে রাখা ছিল।
জানা গেছে, অজ্ঞাত এক ব্যক্তির অর্থায়নে তারা চার দিনের জন্য থাইল্যান্ডে ভ্রমণে গিয়েছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ২৩তম এক ভিক্ষুকে পরে কলম্বোর উপকণ্ঠ থেকে গ্রেপ্তার করা হয়, যাকে পুরো সফরের পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।
তদন্তে উঠে এসেছে, ওই ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে এবং পরে একটি গাড়ি এসে সেগুলো সংগ্রহ করবে। এদিকে, শ্রীলঙ্কার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা আটক ভিক্ষুদের মোবাইল ফোন পরীক্ষা করে এমন কিছু ছবি ও ভিডিও পেয়েছে, যেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবকাশযাপন করতে দেখা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুল সামগ্রী ও মিষ্টির ভেতরে কৌশলে লুকানো এই মাদকের বিষয়ে আটক ভিক্ষুরা হয়তো জানতেন না। শ্রীলঙ্কার বিমানবন্দর ব্যবহার করে ভিক্ষুদের এমন মাদক পাচারের ঘটনা এই প্রথম বলে মনে করা হচ্ছে, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।






















