ব্যালট বাক্স আগে থেকেই ভরে রাখার অভিযোগ ভিত্তিহীন: আইজিপি
- আপডেট সময় : ০৩:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ৪০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বলেছেন, ‘রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভরা হয়েছে।’ তার এমন অভিযোগের কথা উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আজ সকালেই ব্যালট পেপার গিয়েছে। ব্যালট পেপার কখন গিয়েছে আপনারা জানেন। সকাল থেকেই আপনাদের সামনে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার গিয়েছে। এটাকে ভিত্তিহীন অভিযোগ বলে সবাই বিশ্বাস করে।
সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ঢাকা মহানগরের পাশাপাশি আমরা সারা দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকল জায়গা থেকে আমরা এমন খবর পাচ্ছি। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। নির্বাচন কমিশনের অধীনে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে একসাথে পেশাদারিত্বের সাথে আমরা দায়িত্ব পালন করছি এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা দেয়া হচ্ছে।
তিনি বলেন, ভোটাররা তাদের নাগরিক দায়িত্ব ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছেন। আজ তারা উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সারাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত আমরা যত জায়গা থেকে খবর পেয়েছি, সব জায়গাতে ভোটারদের উপস্থিতি আছে, এবং শান্তিপূর্ণভাবে সর্বত্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আইজিপি বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। যারা এই নাগরিক অধিকার প্রয়োগে বাধা দেয় এবং নাশকতা করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।
আশা করছি, সকল ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। এরপরও যদি কেউ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অসুবিধার সম্মুখীন হন, অনুগ্রহ করে নিকটস্থ পুলিশ ইউনিট বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন। আমাদের দল আপনাদের সহায়তা করতে প্রস্তুত আছে।























