অনিয়ম ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে:সিইসি
- আপডেট সময় : ০৯:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, শক্তিশালী ও অনুগত পোলিং এজেন্ট ছাড়া সম্ভাব্য ভোট কারচুপি রোধ করা সম্ভব নয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন বিষয়ক আইন ও বিধিবিধান সংশ্লিষ্ট সবাইকে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রসমূহের পারিপার্শ্বিক শৃঙ্খলাসহ, প্রার্থী, ভোটার ও নির্বাচনী কর্মকর্তাসহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশীশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে।
এ বিষয়ে তিনি আরও বলেন, এ ধরনের কোনো প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ সম্পূর্ণ বন্ধ করা হবে।
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের সব ধরনের অনিয়ম ও অনাচার প্রতিহত করার আহ্বান জানান সিইসি।























