১৭০০ ছুঁতে যাচ্ছে ডেঙ্গুতে মৃত্যুর হার
- আপডেট সময় : ০৯:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৭। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৮ জন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১১০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবার (২৩ ডিসেম্বর) থেকে রোববার সকাল ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮৮ জনের মধ্যে ৪১ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া ঢাকার বাইরে ১৪৭ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় দুইজন ও ঢাকার বাইরে দুইজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৩ লাখ ২০ হাজার ৪৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৮১৭ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১০ হাজার ৬৪৩ জন।
একই সময়ে ডেঙ্গু রোগীদের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৬৬২ জনকে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ৪৮০ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৯ হাজার ১৮২ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।

























