নির্বাচন না করলে নাই, আগুন দিয়ে মানুষ মারা সন্ত্রাসী কাজ:শেখ হাসিনা
- আপডেট সময় : ০২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
কোনো দল চাইলে নির্বাচনে না আসতেই পারে তবে আগুন দিয়ে মানুষ মারার অধিকার কাউকে দেওয়া হয়নি; এগুলো সন্ত্রাসী কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০ ডিসেম্বর বুধবার সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না, ভোট দিতে চায়।
মাজার জিয়ারত শেষে সরকারপ্রধান বলেন, যারা নির্বাচন করবে না, করবে না। কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, জনগণের সম্পত্তি নষ্ট করা, এগুলো সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর এগুলো করে যাচ্ছে বিএনপি-জামায়াত।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালেও একই কাজ করেছে। এবারও তারা হরতাল দিয়েছে, মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি। তাদের বোঝা উচিত, এদেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। কিন্তু সেখানে আমরা কী দেখলাম? রেলে আগুন দিল, একটা মা সন্তানকে নিয়ে সেই আগুনে পুড়ে মারা গেল। এর চেয়ে কষ্টের দৃশ্য আর হতে পারে না। নারী-শিশুর ওপর হামলা, জজ, সাংবাদিক, পুলিশের ওপর হামলা কোন ধরনের রাজনীতি?
প্রধানমন্ত্রী আরো বলেন, ভোট দেওয়া জনগণের সাংবিধানিক অধিকার। যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে, জনগণ তাদের উৎখাত করবে। মানুষ ভোটের পক্ষে, তারা হরতাল চায় না। বিএনপির হরতালে মানুষ সাড়াও দিচ্ছে না।
আগামী নির্বাচনে আবারও জয়ের আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের সব ইচ্ছা পূরণ হবে, কেউ গৃহহীন থাকবে না, কারো দুঃখ থাকবে না।
আজ সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করছেন শেখ হাসিনা। দিনের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। বিকেল ৩টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন তিনি।

























