গাজায় শান্তি প্রতিষ্ঠায় ওআইসির দেশগুলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৩:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
গাজায় শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইয়্যেদ আল-কাবতানি গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে গাজা ইস্যু নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় ওআইসি দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। ফিলিস্তিনের জনগণের জন্য বাংলাদেশ শুকনো খাবার, কাপড় ও অন্যান্য ত্রাণ সামগ্রীও পাঠিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
বাংলাদেশে ডাক্তারি পড়তে আসা ফিলিস্তিনি শিক্ষার্থীদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে স্নাতক হওয়া ফিলিস্তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা সংঘাতের সময়ও জনগণের সেবা করতে পারে। এই চিকিৎসকরা এখন ফিলিস্তিনি হাসপাতালে কাজ করছেন।
এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, চলতি বছরের ১৮ ডিসেম্বর কাতার তাদের জাতীয় দিবস পালন করেনি। এর জন্য যা বরাদ্দ করা হয়েছিল তার পুরোটাই (পাঁচ মিলিয়ন ডলার) গাজার জনগণকে দেওয়া হয়েছিল।
কাতারের রাষ্ট্রদূত বলেন, সারাবিশ্বের মানুষে যেন গাজার পরিস্থিতি জানতে পারে সে জন্য কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা নিউজ নেটওয়ার্ক গাজা ইস্যুতে নিবিড়ভাবে সংবাদ পরিবেশন করেছে।
প্রধানমন্ত্রী গাজা ইস্যুতে বিভিন্ন উদ্যোগের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে কাতারের রাষ্ট্রদূত ২০২৪ সালের ৪-৬ মার্চ অনুষ্ঠেয় অষ্টম দোহা আন্তর্জাতিক মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে (ডিআইএমডিইএক্স) অংশগ্রহণ করতে একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

























