২৩ টাকা বাড়লো ১২ কেজি এলপিজির দাম
- আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৩৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নরুল আমিন এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন। এসময় বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১,৩৮১ টাকা করা হয়েছিল।
এছাড়াও ভোক্তাপর্যায়ে বোতলজাতকৃত ৫.৫ কেজি এলপিজির দাম ৬৪৪ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৪৬৩ টাকা, ১৫ কেজি ১ হাজার ৭৫৫ টাকা, ১৬ কেজি ১ হাজার ৮৭২ টাকা, ১৮ কেজি ২ হাজার ১০৭ টাকা, ২০ কেজি ২ হাজার ৩৪০ টাকা, ২২ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৯২৬ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৫৫১ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৮৬২ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৯৬ টাকা এবং ৪৫ কেজির বেতলজাতকৃত এলপিজির দাম ৫ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি এলপিজি খুচরা বিক্রেতা পয়েন্টগুলো ভোক্তা পর্যায়ে মুসকসহ প্রতি কেজি ১১৭ টাকা ২ পয়সা দাম সমন্বয় করেছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ২০ পয়সা করে সমন্বয় করা হয়েছে। আর ভোক্তা পর্যায়ে ভ্যাটসহ অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬৪ টাকা ৪৩ পয়সা সমন্বয় করা হয়েছে।
সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে আসছে বিইআরসি। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দর নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে একবার মূল্য সমন্বয় করা হচ্ছে।
























