বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ
- আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে বুধবার (২৯ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এই নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হয়। এই নির্বাচনে জাতিসংঘ থেকে পর্যবেক্ষক পাঠানো হবে কি না, তার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবারের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা তাদের নেই।
ব্রিফিংয়ে একজন সাংবাদিকে প্রশ্ন করেন- হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় সদস্য ও সমালোচকদের ওপর চলমান নিয়মতান্ত্রিক দমন-পীড়ন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অসম্ভব করে তুলেছে। ভয়েস অব আমেরিকা ইংলিশ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশ ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে মহাসচিবের পক্ষ থেকে কী সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে?
প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, ‘জাতিসংঘ এসব নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করছে না। সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম, খুবই কম নিয়ে থাকি।’ একই সঙ্গে বাংলাদেশের জনগণ যাতে নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৮ থেকে ২৩ জুলাই নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে। এরপর তাদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন।























