সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের সাড়া অতীতের তুলনায় ভালো:ইসি জাহাংগীর
- আপডেট সময় : ০১:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অতীতের তুলনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার (২৮ নভেম্বর) নির্বাচন ভবনে বিদেশি পর্যবেক্ষকদের সেবা নিশ্চিত করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অন্যান্যবারের নির্বাচনের তুলনায় সাড়া কি রকম পাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিদেশি ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রতিষ্ঠান বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন। তাদের আসার পর থেকে দেশে ব্যবস্থাপনা সংক্রান্ত যে সমস্ত দপ্তর, মন্ত্রণালয় সম্পৃক্ত তাদের সঙ্গে একটি আন্তঃমন্ত্রণালয় সভা ছিল। এ সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের যে বৈদেশিক পর্যবেক্ষক নীতিমালা আছে, তা অনুসরণ করে যারা নিজ খরচে পর্যবেক্ষণ করতে চান তাদের আগমন এবং ইসি থেকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রিত মেহমানদের কীভাবে আমরা একটি নিরবচ্ছিন্ন সেবা দিতে পারি, সেই বিষয়ে বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় বিমানবন্দর কর্তৃপক্ষ সকলকে নিয়ে বসেছিলাম। বলতে পারেন এটা একটা গতানুগতিক সভা। কেননা, প্রতিটি সংসদ নির্বাচনের আগে এই ধরণের সভা হয়। এতে করণীয় কি, আবাসন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা এসব নিয়ে সভা হয়ে থাকে। তার আলোকেই আজকের সভাটি হয়েছে।
ইসি সচিব আরও বলেন, যারা নিজেরা আসবেন তারা ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আমন্ত্রিতরা ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই নিজ খরচে কতজন আসছে তা ৭ ডিসেম্বরের পর জানা যাবে। আর আমন্ত্রিত অতিথিরা কতজন আসছেন তা ১৬ ডিসেম্বরের পর জানা যাবে। কত জন আসবেন, কোন ক্যাটাগরির আসবেন, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যেমন- কোনো রাষ্ট্রের প্রধান নির্বাচন কমিশনার হলে এ রকম আর সচিব এলে আরেক রকম হবে, নির্বাচন কমিশনার হলে এরকম হবে নিরাপত্তা। কাজেই কারা আসবেন তা না জানা পর্যন্ত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে বলতে পারবো না। তবে তাদের নিরাপত্তাসহ সকল ব্যবস্থা সুন্দরভাবে করা হবে।
তিনি বলেন,বিদেশি পর্যবেক্ষকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবো। তারা তাদের নীতিমালা অনুযায়ী তারা যাদের অনাপত্তি দেবেন তাদের অনুমোদন দেবেন কমিশন। তাদের জন্য কোন পদ্ধতিতে কোথায় যাবেন, একটা গাইডলাইন থাকবে, সে অনুযায়ী সিদ্ধান্ত হবে।
ইসি কর্মকর্তারা জানান, ভোট পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক আবেদন করেছেন। আর ইসি ৩৪টি দেশ ও চারটি সংস্থা থেকে ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে।























