নির্দিষ্ট সময়ে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে, শিগগিরই তফসিল ঘোষণা করবো:সিইসি
- আপডেট সময় : ০১:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন করা আমাদের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আমরা শিগগিরই তফসিল ঘোষণা করবো।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি, ২০২৪-এ শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে। নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা নভেম্বরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা এবং জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত করায় ভোটার বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির মতে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা দীর্ঘদিনের অভ্যাস। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। ১৪ বা ১৫ নভেম্বর তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে ইসি। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গত ১ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করেছে ইসি।





















