ডেঙ্গু কাড়লো আরো ১৫ প্রাণ
- আপডেট সময় : ০৭:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭০। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭২৮ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২শে নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার (১ নভেম্বর) থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭২৮ জনের মধ্যে ঢাকার ৩৭৯ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা, ১১ জন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৯৩২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন।
একই সময়ে হাসপাতাল থেকে ২,৬৭,১৬৬ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ হাজার ৩৫৪ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৯ হাজার ৮১২ জন।






















