স্যান্ডো গেঞ্জি পরেই বিয়ে করতে এলেন বর!
- আপডেট সময় : ০৪:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
কখনো কোনো বরকে স্যান্ডো গেঞ্জি পরে বিয়ে করতে আসতে দেখেছেন? বিষয়টি খানিকটা উদ্ভট আবার খানিকটা হাস্যকর মনে হলেও ঠিক এমনটাই ঘটেছে বলিউড সুপারস্টার আমির খানের মেয়ের বিয়েতে। স্যান্ডো গেঞ্জি পরেই বিয়ে করতে এসেছিলেন আমিরের মেয়ের বর নূপুর!
আমির খানের মেয়ে ইরা খান তার দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরকে বিয়ে করেছেন। ৩ জানুয়ারি সন্ধ্যায় পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে ইরা-নূপুরের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইরা-নূপুরের বিয়ের অনুষ্ঠান হয়। মুম্বাইয়ে আমিরের প্রথম স্ত্রী রীনার বাড়িতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়। প্রথমে বর কালো স্যান্ডো গেঞ্জি পরে বিয়েতে আসলেও পরে পোশাক পাল্টে ফেলেন।
রেজিস্ট্রি বিয়ে করেন ইরা ও নূপুর। আর সদ্য বিবাহিত দম্পতি বাড়ি থেকে বেরিয়ে ফটোসাংবাদিকদের জন্য ছবি তোলার জন্য পোজ দেন।
সে সময় ইরা নীল ও গোলাপি কম্বিনেশনে তৈরি ডিজাইনার পোশাক পরেছিলেন। আর নূপুর তার কালো স্যান্ডো গেঞ্জি বদলে নীল শেরওয়ানি পরেছিলেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। তাদের গায়ে হলুদ, সঙ্গীত, মেহেদির অনুষ্ঠানও হয়েছিল।
আইনি বিয়ে মুম্বাইয়ে হলেও, ৮ জানুয়ারি উদয়পুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠান হবে। তারপর ১৩ জানুয়ারি মুম্বাইয়ে বউ ভাতের অনুষ্ঠান রয়েছে। সেদিনই আমন্ত্রিত থাকবে বলিউড তারকারা।
প্রায় চার বছর ডেট করার পর অবশেষে বিয়ে করলেন নুপুর ও ইরা। ২০২০ সালে তারা একে অপরের প্রেমে পড়েন। তারপর গত বছর পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান হয়।

















