সাকিবকে কেন ছাড়পত্র দিলো বিসিবি?
- আপডেট সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের ক্রিকেট টিমের অলরাউন্ডার সাকিব আল হাসান। একটা সময় ছিল যখন সাকিবের ছুটি ছিল না। জাতীয় দলের খেলার বাকি সময়টা নিয়ে নিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। প্রায়ই সাকিবের সঙ্গে ফ্লাইট ও হোটেল কাটাতে হয়েছে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসানকে।
কয়েক বছর হয়ে গেল ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন না বাঁহাতি এই অলরাউন্ডার। এই বছর আইপিএলে তাকে কলকাতা নাইট রাইডার্সে ডাকা হয়েছিল কিন্তু পুরো টুর্নামেন্টের জন্য ছাড়পত্র না পাওয়ায় নিজেকে প্রত্যাহার করে নেন। তবে ওয়ানডে বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন সাকিব।
কানাডার গ্লোাবাল টি-টোয়েন্টি লিগ ও লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে বাংলোদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়পত্র দিয়েছেন বিসিবি। একই সাথে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে লিটন দাসকেও দেওয়া হয়েছে অনুমতি।
দুই টাইগার ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানিয়েছেন, সাকিবকে দুটি টুর্নামেন্টের জন্যই ছাড়পত্র দেওয়া হয়েছে। লিটন তো শুধু কানাডার লিগে খেলবে, ওকে কানাডা লিগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। একই লিগে লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে। লিটনের দলে আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের ইফতিখার আহমেদ।
১৮ দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ২৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।

























