সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ১০ পুলিশ সদস্য নিহত, আহত ৬
- আপডেট সময় : ০৫:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২১৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানে একটি থানায় সন্ত্রাসী হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ পুলিশ সদস্য। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনে এই হতাহতের ঘটনা ঘটে।
সোমবার উত্তর-পশ্চিম পাকিস্তানে থানায় এই হামলার কথা জানিয়েছে পুলিশ। আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর ঠিক তিন দিন আগে এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানি তালেবান এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে ২০২২ সাল থেকে এই ধরনের হামলা বেশ বেড়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এই হামলাটি সোমবার স্থানীয় সময় ভোর ৩ টায় ঘটে। এসময় জঙ্গিরা প্রথমে স্নাইপার ব্যবহার করে কনস্টেবলদের ওপর হামলা চালায় এবং এরপর তারা থানায় প্রবেশ করে বলে পাকিস্তানের ড্রাবান অঞ্চলের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
ড্রাবানের উপ-পুলিশ সুপার মালিক আনিস উল হাসান বলেন, “থানায় প্রবেশের পর সন্ত্রাসীরা হাতবোমা ব্যবহার করে। যার ফলে পুলিশ সদস্যদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে।’
এর আগে গত বছরের ডিসেম্বরে, সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি ট্রাক দিয়ে উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ স্টেশন কমপ্লেক্সে স্থাপিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ছয় সদস্যের আত্মঘাতী স্কোয়াডের চালানো সেই হামলায় একইভাবে অন্তত ২৩ জন সেনা নিহত হয়েছিল।
খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) আরশাদ হুসেন শাহ সোমবারের এই হামলার নিন্দা জানিয়েছেন।























