সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করবেন আমির খান!
- আপডেট সময় : ০৮:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ২৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বছরের শেষ দিকে বলিউড অভিনেতা আমির খানের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়া গুঞ্জন। ছবিতে দেখা যাচ্ছে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোঁয়া উড়ছে। অনেকটা বিশ্বখ্যাত বাঙালি পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের মতো। সম্প্রতি, অবিনাশ গোয়ারিকরের ছবির শ্যুটে আমিরের এই ছবি দেখে নেটিজেনরা অনুমান করছেন, আমির কি সত্যজিৎ রায়ের বায়োপিক-এ অভিনয় করছেন?
হিন্দুস্তান টাইমস বেঙ্গলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকা শনিবার আমির খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে অবিনাশ লিখেছেন,‘আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শ্যুটিং, একটা দারুণ কিছু আসতে চলেছে।’
আমিরের ছবিটি দেখে বিশেষ একজনের কথাই মনে পড়েছে সিনেমাপ্রেমীদের। বিশেষকরে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে ছবির এই লুক খুবই চেনা। আর এই ভীষণ পরিচিত লুকটা কিংবদন্তি সত্যজিৎ রায়ের।
প্রসঙ্গত, অভিনেতার নতুন ফটোশুট দেখে দর্শক-অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি। মন্তব্য করে জানতে চাচ্ছেন, ‘আমির কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?’ তবে এখন পর্যন্ত বিষয়টি খোলাসা করেননি অবিনাশ।

















