শ্রীদেবীর রহস্যজনক মৃত্যু, মুখ খুললেন বনি কাপুর
- আপডেট সময় : ০৫:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দুবাইয়ের সাত তারকা হোটেলের বাথটাবে ডুবে মারা গিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। কিন্তু ৫৪ বছর বয়সী শ্রীদেবী, যিনি দুই দিন আগে পারিবারিক বিয়ের তালে তালে নাচছিলেন, তার এই অকাল মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল তার স্বামী বনি কাপুরকে। সোশ্যাল মিডিয়াতেও তাকে ‘ভিলেন’ হিসেবেই দেখানো হয়েছে। এই অভিযোগ নিয়ে প্রথমবারের মতো জবাব দিলেন বনি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর দুঃখজনক সংবাদ পুরো দেশকে নাড়া দিয়েছিল। তার রহস্যজনক মৃত্যুতে মিডিয়ার একটা বড় অংশ কাঠগড়ায় তুলেছিল বনি কাপুরকে। তবে গত পাঁচ বছর ধরে এই অভিযোগ নিয়ে কোনো কথা বলেননি বনি। ‘দ্য নিউ ইন্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন তিনি।
বনি কাপুর বলেছেন, ‘শ্রী-র মৃত্যু স্বাভাবিক ছিল না, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল।’ স্ত্রীকে হারানোর যন্ত্রণার মাঝেই দুবাই পুলিশের ম্যারাথন জেরার মুখে পরার দুর্বিসহ অভিজ্ঞতা নিয়ে সরব হলেন প্রযোজক।
তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কথা না বলার প্রতীজ্ঞা করেছিলাম কারণ আমি এই ঘটনা নিয়ে একটানা ২৪ থেকে ৪৮ ঘন্টা কথা বলেছি। আমাকে দুবাই পুলিশ একটানা জেরা করেছিল। তারপর আমাকে ক্লিনচিট দেয়। অফিসাররা আমাকে বলেছিল ভারতীয় মিডিয়ার তরফ থেকেও প্রচণ্ড চাপ রয়েছে। আমি যা বলেছি, তার চেয়ে বেশি আর কিছু বলার নেই। তারা তদন্ত করে দেখেছিল, কোনও ফাউল প্লে ছিল না। আমাকে সব পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। লাই ডিটেক্টর টেস্টও হয়েছে। আর তারপর যে রিপোর্ট এসেছে তাতে আমাকে নির্দোষ বলা হয়েছে, জানানো হয়েছে দুর্ঘটনার জেরে জলে ডুবে মৃত্যু হয়েছিল ওর।’
শ্রীদেবীর স্বাস্থ্য নিয়েও কথা বলেছেন বনি। তিনি বলেন, না খেয়ে দিন কাটাতেন শ্রীদেবী। সুন্দর দেখার তাড়না তাকে তাড়া করে বেড়াত। বেশির ভাগ সময়ই পর্দায় নিজের সুন্দর ফিগার দেখানোর জন্য খেতেন না, চিকিৎসকের পরামর্শও মানেননি। শুরু থেকেই তার রক্তচাপের সমস্যা ছিল। নিম্ন রক্তচাপের কারণে প্রায়ই তিনি অজ্ঞান হয়ে যেতেন।
বনি বলেন, ‘ও সবসময় সচেতন থাকত যাতে ওর গড়ন সুন্দর থাকে। যাতে অন-স্ক্রিনে ওকে সুন্দর লাগে।’ নুন ছুঁতেন না শ্রীদেবী। তার ডায়েট থেকে নুন বাদ রাখতেন, ৪৬-৪৭ কেজির বেশি ওজন পছন্দ ছিল না তার।
বনি বলেন, ‘বিয়ের পর থেকে বহুবার অজ্ঞান হয়ে গেছেন শ্রীদেবী। চিকিৎসকরা জানান, তার বিপির সমস্যা আছে, তাই তাকে লবণ ছাড়া ক্র্যাশ ডায়েট না করার পরামর্শ দেওয়া হলেও তিনি তা শোনেননি।
বনির মতে, শ্রীদেবীর মৃত্যুর পর নাগার্জুন তাকে জানিয়েছিলেন যে অতীতে একবার বাথরুমে পড়ে প্রথমে শ্রীদেবীর দাঁত ভেঙে গিয়েছিল।



















