মুজিব সিনেমার প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ
- আপডেট সময় : ০৬:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ৩৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব:একটি জাতির রূপকার’ ছবিটি দেশের ১৬১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শন বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান। তথ্য সচিবের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ প্রদানকারী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ইতিহাস বিকৃতি, শহীদ জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করায় এই সিনেমা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছি। রেজিস্ট্রি ডাকযোগে ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে। ১০ জনের মধ্যে বাংলাদেশের সাতজন আর ভারতের তিনজন।’
নোটিশ পাওয়ার পর সিনেমা বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবী। ১৩ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিটি।
ছবিটি পরিচালনা করেছেন ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগর। ২৭ অক্টোবর ভারতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



















