মাইগ্রেনের সমস্যা দ্বিগুণ বাড়ে শীতকালে!
- আপডেট সময় : ০৫:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৫০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
শীত অনেকের প্রিয় ঋতু। কিন্তু এ সময় রোগের প্রকোপ বাড়ে। সাধারণ জ্বর, সর্দি, কাশি ছাড়াও এই মৌসুমে বেশিরভাগ মানুষই মাইগ্রেনের সমস্যায় ভোগেন। সেরোটোনিনের মতো নিউরোকেমিক্যালের পরিবর্তন আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়। এই হরমোনের ভারসাম্যহীনতার কারণে শীতকালে মাইগ্রেনের সমস্যা আরো বেড়ে যায়। এছাড়াও ঠান্ডা আবহাওয়ায় স্নায়ু এবং ব্লাড ভেসেলগুলোতে নানা সমস্যা তৈরি হয়। এটি মাথাব্যথারও কারণ হতে পারে।
শরীরে পানির পরিমাণ কমে গেলেও মাইগ্রেনের সমস্যা হতে পারে। তবে কারণ যাই হোক না কেন, শীতের মাইগ্রেন এড়াতে এবং সুস্থ থাকতে কিছু বিষয় মেনে চলা দরকার, সেগুলো হল-
পরিমাণমত পানি পান করা: শীতকালে অনেক মানুষই কম পানি পান করে। এতে শরীরের আদ্রতা কমে যায় এবং ডিহাইড্রেশন মাইগ্রেনের কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে যে শরীর হাইড্রেটেড রাখলে মাইগ্রেনের ঝুঁকি কমে যায়। তাই শীতকালে প্রচুর পানি পান করুন। দিনে তিন থেকে চার লিটার পানি পান করুন। এছাড়াও, ঘন ঘন কফি, চা এবং অ্যালকোহল পান করার অভ্যাস বাদ দিন। পাশাপাশি ধূমপান কমানোর চেষ্টা করুন।
সময়মত খাওয়া: সঠিক সময়ে খাওয়া জরুরি। পেট খালি থাকলে ব্যথা বাড়তে পারে। মাইগ্রেনের ক্ষেত্রে সময়মতো খাবার খাওয়া ভালো।
ঘুম জরুরি: আবহাওয়া পরিবর্তনের কারণে ঘুমের সমস্যা দেখা দেয়। ঘুমের ব্যাঘাত ঘটলে মাইগ্রেনের সমস্যা বেড়ে যায়। পর্যাপ্ত ঘুম না হলে মাইগ্রেনের ব্যথা আরও খারাপ হতে পারে। তাই ঘুম যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো ঘুম হলে সুস্থ থাকা যায়।
শরীর গরম রাখুন: অতিরিক্ত তাপমাত্রা কমে গেলে শরীর গরম রাখা জরুরি। কারণ ঠান্ডা আবহাওয়া মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই শীতের পোশাক ব্যবহার করুন। এছাড়াও গরম স্যুপ, গরম পানীয় পান করতে পারেন। এটি শরীরের তাপমাত্রা ঠিক রাখবে এবং মাইগ্রেনের সমস্যা এড়াবে।





















