মধ্য আমেরিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৬
- আপডেট সময় : ০১:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৩২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার এ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোজারিও মুরিলো নিকারাগুয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৪কে বলেছেন যে দুর্ঘটনার সময় বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
বাস দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিকারাগুয়ান প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেন, দুর্ঘটনাটি ঘটেছে রাঞ্চো গ্র্যান্ডে। সম্ভবত বাস চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি ব্রিজের ওপর উল্টে যায়।
এ বাস দুর্ঘটনাকে দুর্ভাগ্য হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান মুরিলো।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার আগে বাসটি দ্রুত গতিতে চলছিল কিনা তা তদন্ত করছে কর্তৃপক্ষ।



















