ফুটবল খেলাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা, আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৫৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এরশাদ নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান ঘাতক রিপন ওরফে রিপু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। আজ ভোরে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. রিপন ওরফে রিপু মিয়া (২০) টাঙ্গাইলের নাগরপুর থানাধীন পাইকশা এলাকার আবুল কালামের সন্তান।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএম (সেবা)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর বনাম টাঙ্গাইল নাগরপুর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দৌলতপুরের খেলা দেখতে যাওয়া এরশাদ বিশ্বাস (৩৮) এর সাথে বিরোধে জড়িয়ে পড়ে গ্রেফতারকৃত রিপন ও তার সহযোগীরা। ওই দিন সন্ধ্যায় রিপন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, দা দিয়ে এরশাদকে এলোপাতাড়ি পিটিয়ে ঘাসের মাঠে ফেলে চলে যায়। খবর পেয়ে ভিকটিমের পরিবার এরশাদকে দৌলতপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিকটিমের স্ত্রী জহুরা খাতুন (৩৬) নাগরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে জড়িতদের গ্রেফতারে নাগরপুর থানা পুলিশ র্যাব-১ এর সহযোগিতা কামনা করলে র্যাবের আভিযানিক দল হত্যাকান্ডের ছায়া তদন্ত করে এবং প্রধান ঘাতক রিপনকে গ্রেফতার করেন।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, আজ ভোরে তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাব জানতে পারে মামলার এজাহারনামীয় প্রধান ঘাতক রিপন দক্ষিণ খাইলকুর এলাকায় আত্মগোপনে আছে। পরে দক্ষিণ খাইলকুর বাহার মার্কেট সংলগ্ন রুবেল শেখের ভাড়া বাসা হতে রিপনকে গ্রেফতার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকান্ডের সহিত জড়িত মর্মে স্বীকার করেছে। তাকে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















