পূর্ণিমার সতর্কবার্তা!
- আপডেট সময় : ০৮:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
‘বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন।’ কিছু স্ক্রিনশট শেয়ার করে কথাগুলো লিখেছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।
ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল-মিসডের ছবি দিয়ে মানুষের কাছে যাচ্ছেন এই অভিনেত্রী। আবার ফোন করলে অনেকেই প্রতারণার ফাঁদে পড়েন। সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন নায়িকা নিজেই।
পূর্ণিমার মতে, আমার একটি মাত্র মোবাইল নম্বর আছে এবং প্রয়োজন ছাড়া আমি কাউকে বিরক্ত করি না, কোনো মিসড কল দেই না।
‘কোনও একটা চক্র কাজটি করেছে’ এমন দাবি ‘মনের মাঝে তুমি’ সিনেমার এই নায়িকার। সতর্ক করে তিনি বলেন, কোনও একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না। সবার কাছে অনুরোধ করে বলছি, এই রকম কোনো নম্বর থেকে কল বা মেসেজ আসলে এড়িয়ে যাবেন।
দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন পূর্ণিমা। বিরতি নিয়ে তিনটি ছবিতে কাজ করলেও সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে অভিনয়ে তার উপস্থিতি কম থাকলেও উপস্থাপনায় মাঝে মাঝে দেখা যায় তাকে।
সরকারি অনুদানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পূর্ণিমা অভিনীত। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। এছাড়াও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি নির্মাণাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে দুটি ছবির কাজ বন্ধ রয়েছে। একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, অন্যটিতে আরিফিন শুভ।

















