পশ্চিমবঙ্গেও ‘সুড়ঙ্গ’ !
- আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশের সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। তার নাটক ও ওয়েব সিরিজ ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই দর্শকদের কথা মাথায় রেখেই বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’।
পশ্চিমবঙ্গের বিখ্যাত প্রযোজনা ও বিতরণ সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। সিনেমাটির পোস্টার প্রকাশের পর এসভিএফ কর্তৃপক্ষ ফেসবুকে লিখেছেন, রায়হান রাফির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে শিগগিরই বড় পর্দায় আসছেন আফরান নিশো। সিনেমা হলে দেখা হবে।
জানা গেছে, ভারতীয় সিনেমা বাংলাদেশে মুক্তি দিতে হলে সাফটা চুক্তি অনুযায়ী আমদানি করতে হয়। কিন্তু কোনো বাংলাদেশি সিনেমা ভারতে মুক্তি দিতে কোনো রাষ্ট্রীয় বা আইনি জটিলতা নেই। তাই ভারতীয় ডিস্ট্রিবিউটররা চাইলে তাদের দেশে যেকোনো বাংলাদেশি সিনেমা মুক্তি দিতে পারেন। যার কারণে ওপার বাংলার দর্শকরা কোনো জটিলতা ছাড়াই আফরান নিশো অভিনীত এই সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা রায়হান রাফি বলেন, এটা সত্যিই খুব খুশির খবর। কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহেও দেখা যাবে ‘সুড়ঙ্গ’। আমরা আশা করছি সেখানে ভালো সাড়া পাব।
উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ ছবিতে নিশোর বিপরীতে দেখা যাবে তমা মির্জাকে। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি।

















