টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে
- আপডেট সময় : ০২:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পঠিত

সিনেমার প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই রাধিকা আপ্তের। তবে শুধু পর্দায় চমক তৈরি করতে অপ্রয়োজনীয় নগ্নতা বা ঘনিষ্ঠ দৃশ্য যোগ করার পক্ষে নন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে এমনই কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা সম্প্রতি জানিয়েছেন তিনি।
‘পার্চড’, ‘হান্টার’, ‘ম্যাডলি’ ও ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন রাধিকা। তার বক্তব্য, কোনো দৃশ্য যদি গল্প বা চরিত্রের প্রয়োজনে থাকে, তাতে আপত্তি নেই। আপত্তি তখনই, যখন দৃশ্যটির প্রয়োজনীয়তা নেই।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুতে চার-পাঁচটি সিনেমায় এমন দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। এরপর ইন্ডাস্ট্রির কিছু মানুষের ধারণা হয়, ভবিষ্যতেও হয়তো সহজেই তাকে এ ধরনের দৃশ্যে রাজি করানো যাবে।
রাধিকার ভাষায়, ‘অনেকে ভাবতেন, দৃশ্যটি যতোই ঘনিষ্ঠ হোক, ওকে বললেই করে দেবে। তখন আমাকেই বলতে হতো, শুনুন, আমি এগুলো করব না। আগে আমি জানতে চাই, আপনি কেন এ ধরনের দৃশ্য চাইছেন?’
অভিনেত্রী জানান, এমন প্রশ্নের জবাবে অনেক সময় তাকে বলা হতো, ‘করে দাও না একটু।’ এমনকি এক পরিচালক তাকে চিত্রনাট্যে না থাকা ১৫ সেকেন্ডের একটি চুম্বন দৃশ্য ইম্প্রোভাইজেশন হিসেবে করার প্রস্তাব দিয়েছিলেন। এমন প্রস্তাবে বিস্মিত হয়ে রাধিকা পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘সরি, আপনি কী বললেন?’
আরেকটি ঘটনার কথা জানিয়ে রাধিকা বলেন, শুটিংয়ের সময় তাকে শার্টের বোতাম খোলা অবস্থায় একটি অ্যাকশন দৃশ্যের শট দিতে বলা হয়েছিল। এতে তিনি রাজি হননি। কারণ অ্যাকশন দৃশ্যে দৌড়ঝাঁপের সময় পোশাকের ভেতরের অংশ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা ছিল।
২০১৬ সালে ‘পার্চড’ ছবির একটি নগ্ন দৃশ্য ভাইরাল হওয়া নিয়েও কথা বলেছেন রাধিকা। তার আক্ষেপ, ছবিটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনার পরিবর্তে ওই দৃশ্যটিই বেশি আলোচনায় এসেছিল।
রাধিকার মতে, পর্দায় চমক তৈরি করতে গিয়ে অভিনেত্রীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সেই বাস্তবতারই একটি দিক সামনে এনেছেন তিনি।




















